HomeZamzam Academyসীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“সীরাত জানি, সুন্নাহ মানি, জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমজম একাডেমির উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জমজম একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জমজম একাডেমির প্রিন্সিপাল মোঃ আশরাফুল আলম আনছারী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে শিক্ষার্থীদের চরিত্র ও জীবন গঠনের ভিত্তি হিসেবে গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, মুহাদ্দিস, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট। তাঁর বক্তব্যে রাসূলুল্লাহ (সা.)-এর সীরাত, উত্তম চরিত্র, সুন্নাহ অনুসরণ এবং ইসলামী মূল্যবোধে জীবন গঠনের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জিল্লুর রহমান, প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ মাদরাসা, সিলেট এবং হাফেজ মাওলানা আব্দুস শহীদ, ইমাম, দপ্তরীপাড়া জামে মসজিদ। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে সীরাত অধ্যয়ন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং তা অনুসরণের আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাহবুব ছোবহানী চৌধুরী, নির্বাহী পরিচালক, জমজম বাংলাদেশ। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব শাব্বির আহমদ চৌধুরী, সদস্য, জমজম একাডেমি পরিচালনা পর্ষদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জমজম একাডেমির নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি জনাব মোঃ হাবীবুল্লাহ-এর ইমামতিতে জামাতের মাধ্যমে নামাজ আদায় করা হয়।

সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা, সুন্নাহর অনুশীলন এবং ইসলামী মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও জীবন গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষামূলক একটি আয়োজন।

Related Articles

Featured News