জমজম বাংলাদেশের “Basic Education for Slum Children with Health & Hygiene Support-2026” প্রকল্পের দ্বি-মাসিক শিক্ষক সভা অনুষ্ঠিত
সিলেটে জমজম চ্যারিটেবল ট্রাস্ট, যুক্তরাজ্যের অর্থায়নে এবং জমজম বাংলাদেশ কর্তৃক পরিচালিত “Basic Education for Slum Children with Health & Hygiene Support-2026” প্রকল্পের দ্বি-মাসিক শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে ।
অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জমজম বাংলাদেশের হেড অফিস, কুমারপাড়া, সিলেট-এর ৭ম তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব ছোবহানী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মো: তৌহিদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো: আব্দুল হান্নান।
সভা শুরুতে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ জনাব মোঃ তৌহিদুল ইসলাম “Leadership & Good Relationship” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় সেশন পরিচালনা করেন। সেশনে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সুসম্পর্ক, দলীয় সমন্বয় এবং কর্মক্ষেত্রে ইতিবাচক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রকল্পের শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, আনন্দময় ও শিশুবান্ধব করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ, তাদের মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং পাঠদানে খেলাধুলা, সৃজনশীলতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের অধিকতর ব্যবহার নিয়ে আলোচনা হয়।
এছাড়াও শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়, প্রতিটি শিশুকে ভালোবাসা ও যত্নের সঙ্গে শেখানোর মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করার জন্য।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার মানোন্নয়ন, শিশুদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করা হয়।
“ইলমের আলোয় আলোকিত শিশু, কল্যাণময় ভবিষ্যতের প্রত্যয়”—এই লক্ষ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নৈতিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে তাদের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে জমজম বাংলাদেশ তার কার্যক্রম অব্যাহত রেখেছে।

